Tuesday, February 7, 2012

তিনশ কোটি বছর বয়সী একটি গ্যালাক্সি সন্ধান

টেলিস্কোপের মাধ্যমে তোলা ছবি বিশ্লেষণ করে ১ হাজার ৩১০ কোটি বছর বয়সী একটি গ্যালাক্সি বা ছায়াপথের সন্ধান পেয়েছেন জ্যোতির্বিদরা। এ বছর জানুয়ারি মাসে হাবলের তোলা ছবিতে একবিন্দু আলোর মতো দেখতে ছায়াপথটির অস্তিত্ব ধরা পড়ে। সম্প্রতি সূক্ষ্ম যন্ত্রপাতির সাহায্যে বিশ্লেষণ করে জ্যোতির্বিদরা বলছেন, বহু দূরে অবস্থিত এই গ্যালাক্সিটি যখন সৃষ্টি হয়েছিল তখন মহাবিশ্বের বয়সও ছিল মাত্র ৬০ কোটি বছর। অর্থাৎ গ্যালাক্সিটি মহাবিশ্বের প্রায় সমবয়সী। এত প্রাচীন গ্যালাক্সি সন্ধান এর আগে পাননি জ্যোতির্বিদরা। নতুন সন্ধান পাওয়া এই গ্যালাক্সি থেকে পৃথিবীতে আলো এসে পৌঁছতে সময় লাগে ১ হাজার ৩১০ কোটি বছর। তাই এখন তার যে ছবিটি পাওয়া গেছে সেটি ১ হাজার ৩১০ কোটি বছর আগের। জ্যোতির্বিদরা বলছেন, বর্তমান সময়ে গ্যালাক্সিটি আরও পরিণত ও বড় হয়েছে। নাসার পত্রিকায় প্রকাশিত এক নিবন্ধে এ গ্যালাক্সিটি নিয়ে গবেষণারত বিজ্ঞানীদের প্রধান প্যারিস অবজারভেটরির গবেষক ম্যাথিউ লেহনার্ট বলেন, আমরা এই গ্যালাক্সি শৈশব অবস্থার ছবিই দেখতে পাচ্ছি। বর্তমানে ছায়াপথটি অনেক বিস্তৃত হয়েছে। ইউরোপের জ্যোতির্বিদরা চিলির মানমন্দিরে প্রায় ১৬ ঘণ্টা পর্যবেক্ষণ করে গ্যালাক্সিটি বয়স নির্ধারণ করেছেন। চিলির নির্জন উঁচু পার্বত্যভূমিতে অবস্থিত মানমন্দিরে অত্যাধুনিক টেলিস্কোপে পাওয়া ছবি বিশ্লেষণ করে বিজ্ঞানীরা জানান, বিগ ব্যাং মহা বিস্ফোরণের প্রায় ৬০ থেকে ৮০ কোটি বছর পরের অবস্থায় গ্যালাক্সিটিকে বর্তমানে দেখা যাচ্ছে। নতুন এই গ্যালাক্সিটির কোনো নাম নেই। একটি বড় গাণিতিক সংখ্যা দিয়ে তাকে চিহ্নিত করা হচ্ছে। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক গার্থ ইলিং ওয়ার্থ বলেন, জ্যোতির্বিজ্ঞানের জন্য এটি একটি বড় আবিষ্কার। ইলিংওয়ার্থের মতে এখন গ্যালাক্সিটিকে ১০০ মিলিয়ন বা তার কাছাকাছি সময়ের বয়সী জ্যোতিষ্ক হিসেবে দেখা যাচ্ছে। ফলে গ্যালাক্সিটির অনেক প্রাথমিক অবস্থার চিত্র পাচ্ছি আমরা। এর আগে জ্যোতির্বিদরা মহাবিশ্বের প্রথম নক্ষত্র ও গ্যালাক্সি সৃষ্টির যে সময়কাল অনুমান করেছিলেন এ গ্যালাক্সিটি তার কাছাকাছি সময়ে সৃষ্টি হয়েছে। উল্লেখ্য, ছায়াপথ বা গ্যালাক্সি অসংখ্য নক্ষত্রের সমন্বয়ে গড়ে ওঠা মহাজাগতিক জ্যোতিষ্ক। এক একটি ছায়াপথে শত কোটি নক্ষত্র, গ্রহ, উপগ্রহ, ধূমকেতুসহ অন্যান্য জ্যোতিষ্ক রয়েছে। আমাদের পৃথিবী ও সূর্য একটি গ্যালাক্সিতে অবস্থিত যার নাম মিল্কিওয়ে গ্যালাক্সি বা আকাশগঙ্গা ছায়াপথ।

No comments:

Post a Comment